২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষকের পিটুনি, ছাত্র হাসপাতালে

বরগুনা সদরের একটি বিদ্যালয়ে মঙ্গলবার প্রধান শিক্ষকের প্রহারে দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বরগুনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদরের একটি বিদ্যালয়ে মঙ্গলবার প্রধান শিক্ষকের প্রহারে দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এই দুই ছাত্র হল জাহিদুল ইসলাম (১৪) ও আবুল হাসান খান (১৪)। এরমধ্যে জাহিদুল ইসলামকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল হাসান খান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। তবে প্রধান শিক্ষক আবদুল মান্নান এই অভিযোগ অস্বীকার করেছেন। আহত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর আবদুল মান্নান ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস নিতে শ্রেণিকক্ষে যান। কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বেজে উঠলে তিনি কথা বলার জন্য বাইরে যান। প্রায় আধঘণ্টা পর ফিরে আসার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা থাকায় দুর্গন্ধ ছড়ানোর কথা বলে। এরপরই প্রধান শিক্ষক প্রথমে আবুল হাসান খান ও পরে জাহিদুল ইসলামকে বেত দিয়ে মারতে শুরু করেন। এক পর্যায়ে তারা দ্জুনই সংজ্ঞা হারিয়ে ফেললে প্রথমে মাথায় পানি ঢালা হয়, পরে স্থানীয় পল্লী চিকিৎসক রমেশ চন্দ্রের কাছে নিয়ে যাওয়া হয়। তারা আরো বলে, আবুল হাসান খানকে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি নিয়ে যাওয়া হয়। আর রাতে জাহিদুল ইসলামকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাসকিয়া সিদ্দিকাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহিদুল ইসলামের পিঠ, বাম হাতের কনুই, উরু, নিতম্বসহ শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। তার সুস্থ হতে আরো সময় লাগবে বলে তিনি জানান। এদিকে হাসানের মা মিনারা বেগম বলেন, তার ছেলের শরীরে পিটুনির অনেক চিহ্ন রয়েছে। তার ছেলে ব্যাথায় কাতরাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, প্রধান শিক্ষক তাকে ফোন করে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খলিলুর রহমান খান প্রধান শিক্ষকের নির্যাতনের সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষকই অসুস্থ ছাত্রদের চিকিৎসা করাতে বলেছেন। তাই তিনি পল্লী চিকিৎসকের চিকিৎসায় সুস্থ না হওয়ায় জাহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেছেন। বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনি শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান শিক্ষক আবদুল মান্নান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শিক্ষার্থীদের কোনো রকম মারধর করেননি। তার বিদ্যালয়ে কোনো বেতই নেই। তবে শিক্ষার্থীরা কিভাবে আহত হল প্রশ্ন করলে তিনি নীরব থাকেন। হাসানের মাকে হুমকি দেওয়ার কথাও তিনি অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.