২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ভাইয়ের ‘দাপটে’ কলেজ সংসদের নির্বাচন স্থগিত

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

মাদারীপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম)- মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। কলেজের অধ্যক্ষ মো. দানেশ মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন পরিচালনা পরিষদের পাঁচ সদস্য নিরাপত্তার কারণ দেখিয়ে পদত্যাগ করায় ছাত্র সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।” সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের অনুপস্থিতিতে নির্বাচন পরিচালনা পরিষদের সভা করায় তিনি এসে অধ্যক্ষ ও শিক্ষকদের হুমকি দিয়ে যাওয়ার পর পাঁচ সদস্য পদত্যাগ করেন বলে সংশ্লিষ্টরা জানান। পাভেলুর রহমান শফিক নৌমন্ত্রী শাজাহান খানের চাচাত ভাই এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান এ কে এম শহীদুল্লাহ জানান, ২৯ মার্চ কলেজ ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সেদিন বিরোধী দলের হরতাল ডেকেছে। এ কারণে বুধবার সকালে সব ছাত্র সংগঠন, প্রার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা এবং শিক্ষকদের নিয়ে একটি সভা ডাকে পরিচালনা পরিষদ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অধ্যক্ষ দুই-এক দিন আগেপরে করে সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ দেবেন। শহীদুল্লাহ জানান, উপজেলা চেয়ারম্যান শফিক খানকে ওই সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। কিন্তু পরে কলেজে এসে অধ্যক্ষসহ শিক্ষক পরিষদের নেতাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হুমকি দেন। “এ কারণেই নির্বাচন পরিচালনা পরিষদের পাঁচজন পদত্যাগ করেছেন। অধ্যক্ষ তা গ্রহণ করে নির্বাচন স্থগিত করে দিয়েছেন”, বলেন শহীদুল্লাহ। তিনি জানান, অশোভন আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় মৌন মিছিল করবে কলেজ শিক্ষক পরিষদ। কলেজ ছাত্র সংসদের বর্তমান ভিপি জাহেদ হোসেন অনিক উপজেলা চেয়ারম্যানের আচরণের নিন্দা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বৃহস্পতিবারের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি টেলিফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৪৫ ঘ.