চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় এক তরুণীকে ধর্ষণ করায় পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ হারুণ, আইয়ুব আলী, আলী হোসেন, মো. খালেক ও মনসুর আলী।
এর মধ্যে শেষ দুজন পলাতক থাকলেও বাকিরা কারাগারে রয়েছেন।
ট্রাইব্যুনালের পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য শেষে আসামিদের যাবজ্জীবন দণ্ড দেন বিচারক।
১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি গভীর রাতে সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া ইউনিয়নের ওই তরুণীর ঘর থেকে তাকে তুলে পাশের একটি খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে আসামিরা।
ঘটনার পর ধর্ষিত বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন।
আইনজীবী চন্দন তালুকদার জানান, মামলার তদন্ত কর্মকর্তা ১৯৯৯ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩৪৩ ঘ.
bdnews24