ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত ফারজানা আক্তার (১৯) শ্যামলীর আশা বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে পুলিশ জানায়। তিনি রংপুরের বুড়িরহাটের কদমতলার ফজলুল হকের মেয়ে।
মঙ্গলবার বিকেলে মালিবাগ রেলগেট এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের খালা ফরিদা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “ফারজানা বাথরুমে ঢুকে আর বের হচ্ছে না দেখে তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তাকে শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।”
সন্ধ্যা ৭টার দিকে তিনি ও তার ছেলে সুমন ফারজানাকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারজানা শ্যামলীর একটি ছাত্রী মেসে থাকত জানিয়ে ফরিদা বলেন, “দুপুরে সে মালিবাগে আমার বাসায় এসে বাথরুমে ঢুকে এ দুর্ঘটনা ঘটায়।”
আত্মহত্যার কারণ তিনি জানাতে পারেননি।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ফারজানার খালাত ভাই সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩২৬ ঘ.
bdnews24