কক্সবাজার, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আটক ব্যক্তি মিয়ানমার সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলে দাবি করেছে বিজিবি।
গত রোববার বিাকল সাড়ে ৫টার দিকে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে। তিনি একবার এক পরিচয় দেন।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বিজিবি ক্যাম্পে চট্টগ্রাম বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে কর্নেল বশির বলেন, “জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দেন। তবে আমরা নিশ্চিত হয়েছি তিনি মিয়ানমারের একজন সামরিক কর্মকর্তা।”
কর্নেল বশির সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তির পরিচয় জানতে চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর ৩ নম্বর সেক্টরে চিঠি পাঠানো হলে তারা ওই ব্যক্তিকে চেনে না জানিয়ে দেয়। কিন্তু বিজিবির সদরদপ্তর থেকে মিয়ানমারের সেনাদপ্তরে যোগাযোগ করা হলে তারা বিজিবিকে জানিয়েছে, তাদের একজন সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
আটক ব্যক্তিই মিয়ানমার সেনাবাহিনীর সেই কর্মকর্তা বলে বিজিবি নিশ্চিত করেছে। আটক ওই ব্যক্তি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24