কুষ্টিয়া/ইসলামী বিশ্বিবিদ্যালয়, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ছাত্র নিখোঁজের ঘটনায় ডাকা ধর্মঘট উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় সচল করার উদ্যোগ নেওয়ায় প্রক্টরসহ কয়েকজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি নম্বর থেকে এসএমএস এবং কল করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এই হুমকি দিচ্ছে বলে জানান প্রক্টর ড. মেহের আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টায় আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়। পরে আরো কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।”
মোবাইল ফোনে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান প্রক্টর।
গত ৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ধরে নেওয়া হয়েছে দাবি করে তাদের সন্ধানের দাবিতে ‘ইবি ছাত্র সমাজ’র ব্যানারে এই আন্দোলন চলছে। ওই ব্যানারেই রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।
নিখোঁজ দুই ছাত্রই ইসলামী ছাত্রশিবিরের নেতা। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক ও আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস এবং অর্থসম্পাদক ও দাওয়াহ বিভাগের ছাত্র মো. ওয়ালীউল্লাহ।
রোববার সকাল ৮টার সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন, বিজ্ঞান ভবন, মীর মোশাররফ হোসেন ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে এসব তালা খোলার সময় ও আগে এসব হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর সঙ্গে একটি বিশেষ মহল জড়িত। হুমকিপ্রাপ্ত শিক্ষকদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেক্ষপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৯ ঘ.
bdnews24