২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কর্মকর্তারা ব্যর্থ: নাসিম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের তদন্তে কেন এত সময় লাগছে? কেন আমরা সাংবাদিকদের রাস্তায় নামতে বাধ্য করছি?” এক মাসের বেশি সময় পরও খুনি চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত কর্মকর্তাদের অপসারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে পরামর্শ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম। তিনি বলেন, “যারা এখনো কোনো অগ্রগতি দেখাতে পারেননি, সেই সব কর্মকর্তাদের এ মামলা থেকে সরিয়ে দিন। অনেক দক্ষ, যোগ্য কর্মকর্তা আমাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগে রয়েছে, তাদের নিয়োগ করুন।” ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম মনে করেন, তদন্তে দেরি বিরোধী দলকে সরকারের সমালোচনা করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের সাগর সরওয়ার এবং এটিএন বাংলার মেহেরুন রুনি। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংসদে গত কয়েকদিনে অশালীন বক্তব্য এবং উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরে স্পিকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নাসিম। “সবকিছুর একটা সীমা থাকা উচিত। এসব কী চলছে? এ জন্যই কি বিরোধী দল সংসদে গিয়েছিল?” বিরোধী দলের সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। স্পিকারের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, “কার্যপ্রণালী বিধি অনুযায়ী এদের বিরুদ্ধে আপনার ক্ষমতা প্রয়োগ করুন। যদি বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়, তবে পার্লামেন্টের পরিবেশ রক্ষায় তাই করুন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭১৭ ঘ.