২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টেলিভিশনের চেয়ারম্যান-এমডিকে তলব

আয়কর বিবরণী দাখিল না করায় তাদের ১০ এপ্রিল হাজির হতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের আয়কর বিবরণী দাখিল না করায় এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের একটি মামলায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এই আদেশ দেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আগামী ১০ এপ্রিল একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।” জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল মঙ্গলবার সকালে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। এতে একুশে টেলিভিশন লিমিটেডকে এক নম্বর এবং চেয়ারম্যান ও এমডিকে দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে। মামলায় বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে তাদের নোটিশ দেওয়া হলেও তারা পালন করেননি। আদালতের বাইরে উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, তিনি একুশে টেলিভিশনের পক্ষে এ মামলা লড়বেন। ‘ উদ্দেশ্য প্রণোদিত’ এদিকে একুশে টেলিভিশন দাবি করেছে, রাজস্ব বোর্ডের মামলাটি ‘উদ্দেশ্য প্রণোদিত’ ও ‘ধারাবাহিক হয়রানির’ অংশ। মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনটির মানবসম্পদ ও প্রকাশনা বিভাগের মহাব্যাবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। “একুশে টেলিভিশন শেয়ার বাজারে (আইপিও) আসার অংশ হিসেবে এবং এ সংক্রান্ত অডিট রিপোর্ট প্রক্রিয়াধীন থাকায় ৩ বছর আয়কর বিবরণী দাখিল করেনি” উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ নিয়ে টেলিভিশনটির আইনজীবিরা নিয়মিত রাজস্ব বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখার পরেও এক তরফাভাবে জরিমানা করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/পিডি/২২০৮ ঘ.