গোপালগঞ্জ/নড়াইল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তারা গোপালগঞ্জের মহাবারুণির স্নানোৎসব শেষে ফিরছিলেন।
নিহতদের একজন হলেন মাগুরার শালিখা উপজেলার বাকলবাড়িয়া গ্রামের প্রয়াত অমূল্য বিশ্বাসের ছেলে শৈলেন্দ্র নাথ বিশ্বাস (৬০)। অপর ২ জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নড়াইল সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার ধূসর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জনকে কাশিয়ানী, লোহাগড়া ও নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের ২০১তম জন্মজয়ন্তী উপলক্ষে মহাবারুণীর স্নানোৎসব শেষে মঙ্গলবার প্রায় ৪০ জন পূণ্যার্থী পিকআপে করে ফিরছিলেন।
সকাল সাড়ে ৭টার দিকে ধূসর সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে ওসি রফিকুল ইসলাম জানান।
নড়াইল সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আলীমুজ্জামান সেতু জানান, দুর্ঘটনায় আহত ২০ জন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২২০ ঘ.
bdnews24