ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দিয়ে ঠকানোর অভিযোগে দুটি মামলায় ওয়াইম্যাক্স কোম্পানি কিউবির সাত বিদেশি কর্মকর্তাসহ আটজনকে তলব করেছে আদালত।
বাংলাদেশে কিউবির ৩০ ভাগ শেয়ারের মালিক টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে নুরুল আবসার মঙ্গলবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটি দায়ের করেন।
বাদীর আইনজীবী ব্যারিস্টার নাসের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর হাকিম শাহাদাৎ হোসেন দুপুরে আর্জি দুটি শুনে আসামিদের ৫ এপ্রিল হাজির হতে বলেছেন।”
তিনি জানান, দুই মামলাতেই মোট আট জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- কিউবির চেয়ারম্যান সঞ্জিব আহুজা, প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস, পরিচালক ডেমিয়েন রিড, মার্টিন হ্যারিম্যান, পল গ্রেগরি ফ্রাঙ্কলিন, স্টিফেন জেরার্ড অলিভ ও ইমরান হোসেইন এবং কোম্পানি সচিব ফয়সাল হায়দার।
এদের মধ্যে ফয়সাল হায়দার ছাড়া বাকি সবাই বিদেশি নাগরিক।
কোম্পানি আইনে করা মামলা দুটির মধ্যে একটির আর্জিতে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে আইন ভঙ্গ করে জয়েন্ট স্টক কোম্পানিতে দেওয়া বিভিন্ন প্রতিবেদনে মিথ্য তথ্য দিয়েছেন।
অপর মামলার অভিযোগ, আসামিরা ২০০৯ সালের ব্যালেন্স শিট এবং লাভক্ষতির হিসাব অনুমোদন না করিয়েই তা জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেছেন, যা কোম্পানি আইনে দণ্ডনীয় অপরাধ।
আদালতে বাদীর প্রধান আইনজীবী ছিলেন আনিসুল হক।
২০০৮ সালে বিটিআরসির কাছ থেকে অয়্যারলেস ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়ার পরের বছর ঢাকায় কার্যক্রম শুরু করে কিউবি।
নেদারল্যান্ডসের অজের হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান কিউবি বাংলাদেশ ছাড়াও পাকিস্তানে ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দিচ্ছে। বিশ্বখ্যত টেলিকম কোম্পানি অরেঞ্জের সাবেক প্রধান নির্বাহী সঞ্জিব আহুজা অজেরের অন্যতম প্রতিষ্ঠাতা ও অংশীদার।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে বাংলাদেশে বর্তমানে এক লাখ ৮৮ হাজার ২২০ জন গ্রাহক ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহার করেন। তবে এর মধ্যে কিউবির গ্রাহক কতো- তা বিটিআরসির ওয়েবসাইটে উল্লেখ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩০৪ ঘ.
bdnews24