২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 04:03 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের আব্দুল্লাপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল্লাপুরের কদমপুর এলাকায় গোধূলী পরিবহন ও ডিএম পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। গোধূলী পরিবহনেরর বাসটি ঢাকা যাচ্ছিল, ডিএম পরিবহনের বাসটি যাচ্ছিল মাওয়ার দিকে। মিটফোর্ড হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক মো. হাফিজুর রহমান জানান, ওই দুর্ঘটনায় আহত ২৫ জন সকালে হাসপাতালে যান। তাদের মধ্যে হযরত আলী (২৫), মোখলেছুর রহমান (২৭), নজরুল (৪০) ও ফয়েজ নামের তিনজনকে পঙ্গু হাসপাতালে এবং অজ্ঞাত পরিচয় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিটফোর্ডের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত পুরুষ ও মোখলেছুরের অবস্থা আশঙ্কাজনক। গোধূলী পরিবহনের যাত্রী শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিএম পরিবহন বাসটি অন্য একটি বাসকে পাশ কাটিয়ে এগোতে গেলে গোধূলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার পর বাস দুটি রাস্তার মধ্যে পড়ে থাকায় সকাল সাড়ে ১০ পর্যন্ত ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে। বাস দুটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে আবার যান চলাচল শুরু হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪০ ঘ.