গাজীপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে অপহৃত এক কিশোরকে সোমবার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে রোববার দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া জিহাদ (১৪) বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাদবকাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের জানপুর ব্যাংক এলাকার শান্ত বাদশা (২৭) ও সলঙ্গার জনজালি পাড়া গ্রামের মনজুরুল ইসলাম মঞ্জু (২৫)।
কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের হেমায়েতপুরের একটি ওয়ার্কসপের কর্মচারী হলেন জিহাদের বাবা আমজাদ হোসেন।
শনিবার বিকালে জুতা কেনার কথা বলে ওই ওয়ার্কসপের পিয়ন জুয়েল হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নিয়ে যায় জিহাদকে। পরে জুয়েলসহ আরো ৪-৫ জন জিহাদকে অপহরণ করে। রাতেই জিহাদের বাবার কাছে ফোনে ৬ লাখ টাকা দাবি করে।
তাদের কথামতো কালিয়াকৈরের পূর্বচান্দরা মাটিকাটা রেলক্রসিং এলাকায় যায় জিহাদের পরিবারের সদস্যরা। সঙ্গে সাদা পোশাকের পুলিশও ছিল।
টাকা নিতে এলে শান্ত বাদশা ও মঞ্জুকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশ গ্রেপ্তার দু’জনকে আটকে রেখে তাদের দিয়েই অপর অপহরণকারীদের কাছে মুক্তিপণের টাকা পাওয়া গেচে বলে জানায়।
এতে সোমবার সকালে চান্দনা-চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় জিহাদকে রেখে যায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24