২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার স্কুলগুলোর জন্য ১০০ বাস

আগামী তিন মাসের মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০০টি বাস বরাদ্দের ঘোষণা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন মাসের মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০০টি বাস বরাদ্দের ঘোষণা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে ইডেন, ভিকারুন নিসানূনসহ কয়েকটি প্রতিষ্ঠানেকে ২৫ বাস দেওয়া হয়েছে বলেও সোমবার সরকারি তিতুমীর কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় জানান তিনি। যানজট নিরসন এই মুহূর্তে তার প্রধান লক্ষ্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ঢাকা শহরে যানজটের প্রধান কারণ প্রাইভেটকার, সিএনজিসহ ক্ষুদ্র গাড়িগুলো। প্রতিদিন আড়াইশটি নতুন গাড়ি ঢাকায় নামছে। আর এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ।” যানজট নিরসনে আগামী তিন মাসের মধ্যে ২৫০টি নতুন বাস ঢাকার সড়কে নামছে জানিয়ে তিনি বলেন, “কিছুদিন আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ১০০টি গাড়ি ঢাকার গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হবে।” নতুন এই বাসগুলো ভারতের টাটা কোম্পানির বলে জানান তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি এবং বর্তমান গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২২৩৫ ঘ.