যশোর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের নওয়াপাড়া উপজেলায় ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে একটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। লরিটিও খণ্ডবিখণ্ড হয়ে গেছে।
লাফিয়ে পড়ে কয়েকজন যাত্রী আহত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে যুগ্নিপাশা ক্রসিংয়ে এ দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
যশোর রেল স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস যুিগ্নপাশা রেলক্রসিংয়ে পৌঁছলে গ্যাসপাইপ বহনকারী বারো চাকার একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়।
প্রচণ্ড শব্দে লরিটি তিনখণ্ড হয়ে দুই পাশে ছিটকে পড়ে এবং ইঞ্জিনসহ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
লারির চালক লাফিয়ে পড়ায় বেঁচে যান। ট্রেনের কিছু যাত্রী জানালা ও দরজা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে স্টেশন মাস্টার জানান।
যশোর স্টেশন মাস্টার আরো বলেন, নওয়াপাড়ায় আটকা পড়েছে বেনাপোল কমিউটার ও কপোতাক্ষ এক্সপ্রেস এবং যশোর আটকা পড়েছে সীমান্ত ও সুন্দরবন এক্সপ্রেস।
ট্রেনটির মাস্টার বাদশা মিয়া সাংবাদিকদের বলেন, “হর্ন বাজানো সত্ত্বেও চালক লরিটি রেল ক্রসিংয়ে ঢোকানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”
নওয়াপাড়া স্টেশনের মাস্টার শোভন রায় রাত ১০টায় বলেন, যুগ্নিপাশায় একটি অবৈধ রেলক্রসিং থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা ও ইশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন সরালে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ট্রেনের যাত্রী নিলুফা বেগম বলেন, “আমি দুই ছেলে-মেয়ে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে ট্রেনটি ঝাঁকুনি খেলে সন্তানদের নিয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24