কিশোরগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, শুধু বেডরুম নয়, সারাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে।
সোমবার কিশোরগঞ্জে এক জনসভায় তিনি বলেন, এ হত্যার দায় সরকার এড়াতে পারে না।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় শয়নকক্ষে খুন হন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার মেহেরুন রুনি।
এ প্রসঙ্গে ২৩ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সিলেটের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, সরকারের পক্ষে কারো শয়ন কক্ষ পাহারা দেওয়া সম্ভব নয়।
আ স ম রব বলেন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হচ্ছে। শেয়ারবাজার কেলেংকারির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে মানুষকে সর্বস্বান্ত করা হলেও সরকার নির্বিকার রয়েছে।
বিকালে তিনি কিশোরগঞ্জে জেলা জেএসডি’র উদ্যোগে স্থানীয় রথখলা ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মহাজোট সরকার অনেক প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এলেও কয়েকটি মাত্র পূরণ করতে পেরেছে। ঘরে ঘরে চাকুরি প্রদান, কৃষকদের বিনামূল্যে সার প্রদান, অর্থনীতিকে গতিশীল করাসহ বেশিরভাগ নির্বাচনী ওয়াদাই পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, শিক্ষাঙ্গন, সচিবালয়সহ দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সরকারি কর্মচারীদের বর্তমান ক্ষমতাসীন দলের কর্মসূচিতে যোগদানে বাধ্য করে জনপ্রশাসনকে ধ্বংস করা হচ্ছে বলেও তিনি মনে করেন।
আ স ম রব আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় একটি ডাবল স্ট্যান্ডার্ড রায়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বাদ দিতে বলা হলেও উক্ত পদ্ধতিতে দুইবার নির্বাচন অনুষ্ঠানের স্ববিরোধী সুপারিশ করা হয়। এতে জাতিকে চরম সংকটে নিমজ্জিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, জনগণকে কষ্ট দেওয়ার কোনো অধিকার দুই নেত্রীর নেই।
জেএসডি কিশোরগঞ্জ জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সহ-সভাপতি এম এ গোফরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24