ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক মানের রিসোর্ট নির্মাণসহ বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান।
সোমবার জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে দেখা করে এ আগ্রহ জানান।
এ সময় ফারুক খান প্রতিনিধি দলের কাছে বিমান ও পর্যটন খাতে বাংলাদেশের সম্ভাবনা ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
তিনি বলেন, সরকার নতুন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে। কক্সবাজার ও কুয়াকাটার পর্যটন সুবিধা বাড়াতে সরকার মহাপরিকল্পনা নিয়েছে।
সরাসরি বিনিয়োগ, যৌথ বিনিয়োগ অথবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে যেকোনো বিনিয়োগকে সরকার স্বাগত জানাবে বলে ফারুক জাপানি প্রতিনিধি দলকে জানান।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে স্থাপিত জাপানি প্রতিষ্ঠান গ্রুন ক্রাফট এর চেয়ারম্যান কাজুহিকু ও ব্যবস্থাপনা পরিচালক সাগর মাহমুদ, ডিজাইন এশিয়া কোম্পানির পরিচালক ইয়াসুউকি নাকামুরা, ক্যাঙ্গো কুমি, কোম্পানির পরিচালক ততসুকি ও জুনোকো তানাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএম/এমআই/২০২৪ ঘ.
bdnews24