ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের দ্বিপাক্ষিক সমাধানের জন্য হেগের স্থায়ী সালিশ আদালতের মামলা প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্টমন্ত্রী দীপু মনি বলেন, “এ বিষয়টি নিয়ে আমরা প্রতিবেশির সঙ্গে সব সময় আলোচনা করতে পারি।”
“তবে আলোচনার জন্য আমরা আদালত থেকে সরবো না।”
ভারত দ্বিপাক্ষিকভাবে সমুদ্রসীমা সমাধানে আগ্রহী- ঢাকায় দেশটির নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ এ কথা বলার একদিন পর এ বিষয়ে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য ২০০৯ সালে হেগের স্থায়ী সালিশ আদালতে যায় বাংলাদেশ। আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ২০১৪ সালের মধ্যে।
দীপু মনি বলেন, “আমরা দ্বিপাক্ষিকভাবে এ বিরোধ নিষ্পত্তি করতে পারি না এবং সে কারণেই আমরা ওই আদালতে গিয়েছিলাম।”
শনিবার ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও তিনি দ্বিপাক্ষিকভাবে এ সমস্যা সমাধানের প্রস্তাব দেননি বলে জানান দীপু মনি।
অবশ্য তারা দ্বিপাক্ষিক আলোচনা চাইলে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯৭৪ সালে বাংলাদেশের চিহ্নিত করা সমুদ্রসীমায় আপত্তি জানিয়েছিল ভারত ও মিয়ানমার। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ দীর্ঘ ৩৮ বছর পর গত ১৪ মার্চ নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী’র (আইএলটিওএস) এক রায়ে।
সাগরে তেল-গ্যাস
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য সাগরের ব্লকগুলো ঠিক করার বিষয়ে সজাগ রয়েছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, “আগেই যে ব্লকগুলো ঠিক করা ছিল সেগুলো আমাদের অধিকারে না আসায় আমরা সেগুলোতে অনুসন্ধান চালাতে পারি না।”
“আমরা সমাধান চাই। তবে তা প্রতিবেশি দেশের স্বার্থের ক্ষতি করে নয়।”
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম বলেন, এখন বাংলাদেশের ব্লকগুলো ঠিক করা সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১১ ঘ.
bdnews24