২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় সিন্ডিকেট নেই, দাবি বাণিজ্যমন্ত্রীর

কারসাজি করে পণ্যের দাম ওঠানোর অভিযোগের কথা স্বীকার করে ‘প্রতিযোগিতা আইন’ প্রণয়নের উদ্যোগের মধ্যে গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে ব্যবসায় কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বলে কোনো গোষ্ঠির অস্তিত্ব নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। দুই সপ্তাহ আগে ‘প্রতিযোগিতা আইন’ প্রণয়নের প্রস্তাবে সংসদেই তিনি বলেছিলেন, “উদার বাণিজ্য ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।” সরকারদলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বলে কোনো গোষ্ঠির অস্তিত্ব নেই।” “ব্যবসার নামে কতিপয় অসাধু মুনাফালোভী যাতে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়াতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত সভা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়,” একইসঙ্গে বলেন তিনি। গত ৭ মার্চ ব্যবসায় কারসাজি নিয়ন্ত্রণে ‘প্রতিযোগিতা আইন’ বিল হিসেবে সংসদে উত্থাপনের সময় তিনি আরো বলেছিলেন, “বড় প্রতিষ্ঠানগুলো বাজারে কর্তৃত্বের অপব্যবহার করে বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে নতুন প্রতিষ্ঠানকে প্রবেশে বাধার সৃষ্টি করতে পারে। তবে এই ধরনের কার্মকাণ্ড কীভাবে, কারা করছে সেটি প্রমাণ করা যথেষ্ট কষ্টসাধ্য।” বিরোধীদলীয় সংসদ সদস্য জয়নাল আবেদিনের (ভিপি জয়নাল) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চালেঞ্জ মোকাবেলায় টিসিবিকে আরো যুগোপযোগী ও শক্তিশালী করে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল এবং বাজার মূল্য ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার। “সে আলোকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার যে সব ব্যবস্থা গ্রহণ করেছে, তা জনগণের স্বার্থ সংরক্ষণে যথেষ্ট ভূমিকা রাখছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১০০ ঘ.