ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শিক্ষাক্ষেত্রে অর্জন ও ফলাফল এবং এর পরবর্তী কর্মপন্থা প্রণয়নের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের এক আন্তর্জাতিক কর্মশালা।
সোমবার সকালে রূপসী বাংলা হোটেলে শুরু হওয়া এ কর্মশালা ২১ মার্চ পর্যন্ত চলবে। ১৯টি দেশের প্রায় ৫০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেবেন।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন (জিসিই) এবং গণসাক্ষরতা অভিযান।
কর্মশালার শুরুতে এক সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা সংক্রান্ত সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা ক্ষোভের সঙ্গে বলতে চাই, এসব অঞ্চলে দিন দিন সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি।”
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা জানান, বিশ্বে বর্তমানে ৭০ লাখ শিক্ষক স্বল্পতা রয়েছে। বাংলাদেশে ২০০৭ সালের এক হিসেবে ৮০ হাজার শিক্ষক স্বল্পতা ছিলো। তবে এর পর প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ায় তা কমে এসেছে। পূর্বে শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত ছিল ১:৫৯, বর্তমানে তা ১:৩৯।
“তবে প্রতি বছর প্রায় ৪ হাজার শিক্ষক চাকরি ছেড়ে দিচ্ছেন। শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দের অভাবে অন্য পেশার তুলনায় শিক্ষকরা সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ায় এমনটা হচ্ছে,” উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাশেদা মনে করেন, দেশে বর্তমানে প্রাথমিক পর্যায়ে শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ছেলেমেয়ের শিক্ষা বৈষম্যও এখন প্রায় নেই।
সংবাদ সম্মেলনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত অন্যান্য দেশগুলোর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
অষ্ট্রেলিয়ার প্রতিনিধি বারনি লাভগ্রোভ বলেন, শিক্ষার ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হয়নি। শিক্ষাখাতে এখনো প্রচুর বিনিয়োগ প্রয়োজন।
মালয়শিয়ার প্রতিনিধি এলিউসিয়াস ম্যাথিউস বলেন, সম্পদের সীমাবদ্ধতা এবং অপব্যবহারের কারণে শিক্ষাখাতের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হচ্ছে না।
এর জন্য মানসম্মত শিক্ষকের অভাবকেও দায়ী করেন তিনি।
ভারতের প্রতিনিধি জগদীশ ঠাকুর বলেন, “শিক্ষাক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে আত্মনির্ভরশীলতা অর্জন করেছি এবং প্রতিবেশী প্রায় ১৫টি দেশকেও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা প্রদান করছি।”
এছাড়া বক্তব্য রাখেন ভারতের মারিয়া খান, মঙ্গোলিয়ার প্রতিনিধি তুনগালাগ দন্দোগডুলাম, পাপুয়া নিউগিনির প্রিসিলা কারে প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/১৮৩০ ঘ.
bdnews24