চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়ের তিন দিন আগেই শেষ হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার কারণে মেলা আগে শেষ হচ্ছে বলে অনেকে বললেও আয়োজকরা তা স্বীকার করেননি।
গত ২৪ ফেব্রুয়ারি পলোগ্রাউন্ডে ২০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়েছিল। ২৩ মার্চ এ মেলা শেষ হওয়ার কথা ছিল। এখন তা শেষ হচ্ছে ২০ মার্চ।
চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পলোগ্রাউন্ড মাঠে ২৮ মার্চ মহাসমাবেশের আয়োজন করেছে, যাতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সমাবেশের কারণে মেলা পেছানোর বিষয়টি স্বীকার করেননি চট্টগ্রাম চেম্বার বোর্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আলম তালুকদার।
আগে মেলা শেষ হওয়ায় ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ক্ষতি পুষিয়ে নিতে গত ১৫ দিন ধরে প্রতিদিন মেলার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
এছাড়া এবারে অংশ নেওয়া ব্যবসায়ী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগামী বাণিজ্যমেলায় অগ্রাধিকার ভিত্তিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮১০ ঘ.
bdnews24