ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণচেষ্টার অভিযোগ এনে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের এক নেত্রী।
সোমবার ঢাকা এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে করা এই মামলায় থানার ওসি, এসআইসহ অজ্ঞাত আরো ৪/৫ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আদালতের পেশকার মো. ফজলুর রহমান।
বিচারক মো. সাদেকুল ইসলাম তালুকদার অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে আদালতে দিতেও বলা হয়েছে।
মামলাকারী আশুলিয়ার গাজীরচটের বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।
বাদির আইনজীবী রাজারাম বর্মণ সাংবাদিকদের জানান, থানার ওসি মোস্তফা কামাল কিছু দিন ধরে থানা আওয়ামী লীগের ওই নেত্রীকে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১১ মার্চ উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াসসহ কয়েকজন কনস্টেবল বাদির বাড়ি গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন বাদির চিৎকারে লোকজন ছুটে এলে পুলিশ সদস্যরা তাকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে আসে।
থানায় নিয়ে আসার পর ওসি তাকে পুনরায় হেনস্তা করে বলে বাদি অভিযোগ করেছেন। তিনি বলেছেন, থানায় মামলা করতে চাইলে পুলিশ তা না নেওয়ায় আদালতে এসেছেন তিনি।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী রাজারাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24