২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের কাজে ইসির সন্তুষ্টি

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্বে তথ্যসংগ্রহের কাজ ‘ভালোভাবেই’ এগোচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্বে তথ্যসংগ্রহের কাজ ‘ভালোভাবেই’ এগোচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “মাঠ পর্যায়ের হালনাগাদ কার্যক্রম তদারকির জন্য গঠিত ইসি সচিবালয়ের মনিটরিং কমিটি বৈঠক করেছে। তারা সার্বিক বিষয়ে ভালো অগ্রগতির কথা জানিয়েছে।” কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৬৪ উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শেষ হচ্ছে মঙ্গলবার। এ ধাপে আরো ৭৬ উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। চার ধাপে দেশজুড়ে এ কার্যক্রম চলবে। প্রথম ধাপে সংশ্লিষ্ট এলাকার ৭০ শতাংশ তথ্য ইতোমধ্যে সংগ্রহ হয়েছে উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, “কোনো অনিয়মের কথা এখনো আমরা পাইনি। কাজে অবহেলার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।” জনগণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরপরও কোনো এলাকায় ভোটার হওয়ার উপযোগী কেউ বাদ পড়লে উপযুক্ত কারণ দেখিয়ে পুরো বছরজুড়ে তালিকায় আসা যাবে বলে জানান শাহনেওয়াজ। প্রথম ধাপে ১০ মার্চ থেকে ২০ মার্চ ৬৪ উপজেলায় এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ৭৬ উপজেলায় তথ্য সংগ্রহ চলবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১৪০টি করে উপজেলায় এবং অক্টোবরে চতুর্থ পর্যায়ে ৯২ উপজেলা ও সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ করবে কমিশন। ২০১৩ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর বা তার চেয়ে বেশি হবে- তাদের নাম নতুন অন্তর্ভুক্ত করা হচ্ছে এই তাকিায়। এছাড়া আগে যারা বাদ পড়েছেন, তাদের অন্তর্ভুক্তি এবং স্থানান্তর, সংশোধন ও মৃতদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ইসি কর্মকর্তাদের ধারণা, হালনাগাদের পর ভোটার সংখ্যা ৭০ লাখের মতো বাড়বে। আগের তালিকা অনুযায়ী, দেশের ভোটার সংখ্যা ৮ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৫৬ জন। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৭৩৩ ঘ.