ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী সমুদ্রসীমার মানচিত্র শিগগিরই গেজেট আকারে প্রকাশ করবে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুই দেশের নিস্পত্তি হওয়া সমুদ্রসীমার মানচিত্র গেজেট আকারে প্রকাশ করার বিষয়টি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেইন ভূইঞা।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেলে গত ১৪ মার্চ রায় হয়। এতে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের অধিকার সুনিশ্চিত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, “রায় অনুযায়ী পাওয়া সমুদ্রসীমার মানচিত্র গেজেট আকারে প্রকাশের জন্য মন্ত্রিসভায় অনুমতি চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।”
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিস্পত্তি এবং আন্তর্জাতিক আদালতের রায়ে প্রায় ২০০ নটিক্যাল মাইল (এক লাখ ২০ হাজার বর্গকিলোমিটার) এলাকা পাওয়ায় অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।
এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অভিনন্দন জানানো হয়।
সমুদ্রসীমা নিয়ে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চুক্তির কথাও এতে উল্লেখ করা হয় বলে জানান মোশাররাফ হোসেইন।
বৈঠকে উপস্থিত একজন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সমুদসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে দেশব্যাপী আনন্দ উৎসব আয়োজনের প্রস্তাব আসে বৈঠকে। এতে প্রধানমন্ত্রীও একমত পোষণ করেন।
তিনি জানান, শিগগিরই আলোচনার মাধ্যমে একটি তারিখ নির্ধারণ করে সরকার আনন্দ উৎসবের ঘোষণা দেবে। ওই দিন বিজয় মিছিল এবং সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24