২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তপ্ত পটুয়াখালী কলেজ, সাত ছাত্র আটক

মোবাইল চুরির অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজের দুই ছাত্রকে নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। পরিস্থিতি শান্ত রাখতে সাত ছাত্রকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

পটুয়াখালী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল চুরির অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজের দুই ছাত্রকে নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। পরিস্থিতি শান্ত রাখতে সাত ছাত্রকে আটক করেছে পুলিশ। এদিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার জন্য কলেজের ক্লাস-পরীক্ষা ও কাজকর্ম বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে কলেজের সামনের মিয়া ভিলা নামে একটি মেসে হামলা ও ভাংচুর চালায়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক প্রাণেশ কান্তি সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে শিক্ষক সমিতি একাত্মতা ঘোষণা করেছে বলে জানান অধ্যক্ষ। কলেজের শিক্ষার্থীরা জানায়, সাগর মাহমুদ জাকির ও সোহানুর রহমান সুজন কলেজ ছাত্রাবাসে থাকতেন। প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা চলার কারণে পড়াশুনায় বিঘœ ঘটবে বলে কলেজের সামনে মিয়া ভিলায় এক মাসের জন্য একটি কক্ষ ভাড়া নেন তারা। রোববার ওই বাড়ির একটি কক্ষ থেকে দু’টি মোবাইল চুরি হয়। ছাত্রাবাসের মালিকের ছেলে জনি, তার সহযোগী আরিফসহ কয়েকজন এ চুরির অভিযোগে জাকির ও সুজনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে বিকালে শিক্ষার্থীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপরই শিক্ষার্থীরা নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নামে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস থেকে দুপুর ১টায় সাত ছাত্রকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরা হলেন- গোলাম মোস্তফা, আতিক হাসান, ইয়ামিন, হাসান, আরিফ, জাহিদুল ও বায়েজিদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজের প্রতিটি বিভাগে তালা লাগিয়ে দিয়ে বাইরে চলে আসে। এতে প্রচুর ছাত্রীও অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা কলেজ গেইটে সমাবেশ করে নির্যাতিত ছাত্রদের উন্নত চিকিৎসা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার দাবি করেন। এক পর্যায়ে কিছু বিক্ষুদ্ধ ছাত্র লাঠিসোটা নিয়ে কলেজের সামনের মিয়া ভিলায় গিয়ে হামলা ও ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পটুয়াখালী পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪০১ ঘ.