২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন’

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

রাজশাহী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মহাজোট সরকার ইতোমধ্যে প্রমাণ করেছে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাজশাহী মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম বিচার বিভাগ পৃথিককরণ, আধুনিকায়ন, বিচার ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি প্রয়োগ এবং এর সুফল, মামলার জট প্রভৃতি বিষয়ে বর্তমান সরাকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি বলেন, “২০০৮ সালে দেশের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আমাদের নির্বাচিত করেছে। তাই এটি সম্পন্ন করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কোনো ষড়যন্ত্র করেই এই বিচার বাধাগ্রস্ত করা যাবে না।” কামরুল ইসলাম বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। দুইটি ট্রাইব্যুনাল একসঙ্গে কাজ করলে এ বছরই ঘাতকদের বিচার কাজ শেষ করা যাবে। বর্তমান বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি দাবি করেন। রাজশাহী জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, এনামুল হক, আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.