গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই করে পালানোর সময় গাজীপুরের টঙ্গী থেকে অস্ত্রসহ দু’যুবককে আটক করেছে র্যাব।
রোববার বিকালে চেরাগ আলী মার্কেট এলাকা থেকে আটক হন শাহজাহান (৩১) ও মোয়াজ্জেম (৩০)।
তাদের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি মাইক্রেবাস ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে উত্তরার জসিম উদ্দিন সড়কে ডাচবাংলা ব্যাংক থেকে এক ব্যক্তি ৩০ হাজার টাকা তুলে নিজের গাড়িতে ওঠার সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ওই টাকা নিয়ে মাইক্রেবাসযোগে পালাতে থাকে।
সংবাদ পেয়ে র্যাবের টহলরত সদস্যরা ধাওয়া করে চেরাগ আলী মার্কেট এলাকায় তাদের ধরে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, দুপুরে কালিয়াকৈরের সফিপুরের ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে র্যাব পরিচয়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দু’মাছ ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ওই ঘটনায় আটক এই দু’জন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24