ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের দুই সাংসদের ‘অশালীন’ শব্দ ব্যবহারের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আরো এক সাংসদ।
রোববারের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “আজ বিরোধী দলের সাংসদরা যে শব্দ ব্যবহার করেছে তা নিষিদ্ধ পল্লীতেও মানায় না।
“নিষিদ্ধ পল্লীতে যারা থাকেন তাদেরকে কোনোভাবে ছোটো করছি না; তারা যে পরিবেশে বেড়ে ওঠে, তারাও এমন শব্দ ব্যবহার করে না।”
“খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এ কথা বলতে চাই।”
৩০ বছরের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে দীপু মনি জানান, একবার তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এতো দিন ধরে সংসদের যে রূপ দেখেছেন রোববার দেখেছেন ভিন্ন রূপ।
“আজ আমি ভিন্ন কিছু দেখছি। জনগণ এ সংসদের দিকে তাকিয়ে আছে। এভাবে চললে রাজনীতির সুষ্ঠু বিকাশের ধারা নষ্ট হতে পারে।”
টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থেকে বিরোধী দল বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে রোববার বিকালে সংসদে যোগ দেয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন বিরোধী দলের রেহেনা আক্তার রানু ও শহিদউদ্দিন চৌধুরী এ্যানি। এর আগে সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ আলোচনায় অংশ নেন।
এ সাংসদদের বক্তব্য থেকে অসংসদীয় শব্দ ও কটূক্তি এক্সপাঞ্জ করেন স্পিকার আবদুল হামিদ।
সন্ধ্যা সাড়ে ৬টায় মাগরিবের নামাজের বিরতি হওয়ার পাঁচ মিনিট পর সংসদ ভবন ছেড়ে যান খালেদা। পরে তাকে ছাড়াই অধিবেশনে ফেরে বিএনপি ও চারদলীয় জোটের শরিকরা।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মহাজোট শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাংসদ মইনুদ্দিন খান বাদল বলেন, “সংসদে যে ভাষা ব্যবহার হচ্ছে তাতে ন্যূনতম শালীনতা বজায় থাকছে না। কার্যপ্রণালী বিধি মেনে কথা বলতে হবে। চিৎকার করে লাভ হবে না। সংসদ সদস্যদের জানতে হবে- কতটুকু কথা বলা যায়, কতটুকু কথা বলা যায় না।”
সংসদে আসতে হলে নিজেকে সংযত করে আসার আহ্বান জানান বাদল।
এ সময় ফ্লোর নিয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সমালোচনা করেন বাদলের।
“খুব ভালো বলেছেন তিনি (বাদল)। রুলস অব প্রসিডিউর বাদলের কাছে শিখতে হবে। সরকারের এ শেষ সময়ে এ কথা শুনতে হবে। আমরা ৩০ বছর সংসদে। নতুন সাংসদ উনি। আমরা এসব শিখতে আসিনি।”
সংসদে বিরোধী দলের সাংসদরা ‘অশালীন’ শব্দ ব্যবহার করছেন না দাবি করে জয়নুল।
স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার ডান পাশ (সরকারি দল) থেকে অশালীন উক্তি বন্ধ হলে আপনার বাম পাশে (বিরোধী দল) তা বন্ধ হবে। আমরা এখনো অশালীন শব্দ ব্যবহার করছি না। কারণ, ম্যাডাম বলেছেন অশালীন কথা না বলতে।”
আইএসআইয়ের টাকা ও পাকিস্তানপ্রীতির কারণে বিরোধী দলকে পাকিস্তানে পাঠাতে জবাবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “জনগণ প্যাক করে আপনাদের ভারতে পাঠাবে।”
সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ ফ্লোর নিয়ে বলেন, বিরোধী দল সদস্য পদ রক্ষার জন্যে সংসদে এসেছে।
“আর আট দিন পার হলে তাদের সদস্য পদ থাকত না। তারা বেতন পদ রক্ষা ও সুযোগ-সুবিধা ভোগ করার জন্যে সংসদে এসেছে। জনগণ সব বোঝে।”
বিরোধী দলের দুই সদস্য ও বিরোধী দলের প্রধান হুইপের বক্তব্য পুরোপুরি এক্সপাঞ্জ করার দাবি জানান আব্দুস শহীদ।
এ সময় স্পিকার আবদুল হামিদ জানান, অশালীন ও অসংসদীয় বক্তব্য আগেই একপাঞ্জ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২১৩৪ ঘ.
bdnews24