ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ উন্নয়নে দাতাদের কাছ থেকে আরো বেশি পরিমাণে সহায়তার আশ্বাস মিলেছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দাতা দেশ ও সংস্থাগুলোর অর্থায়নে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স তহবিলের (বিসিসিআরএফ) মাধ্যমে এ অর্থ আসবে।
রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিসিআরএফ’র দাতা সংস্থা ও দেশেরগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদের বৈঠক হয়। এতে এ আশ্বাস এসেছে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স তহবিলের অধীনে যে সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা এবং সৌরশক্তি চালিত সেচ সংক্রান্ত দুটি নতুন প্রকল্প নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। প্রকল্প দুটি আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।
এছাড়া আগামী এপ্রিলে বিসিসিআরএফ-এর ব্যবস্থাপনা কমিটি এবং পরিচালনা পরিষদের (গভর্নিং কাউন্সিল) বৈঠকে আরো দুটি নতুন প্রকল্প উপস্থাপনসহ অনুমোদনের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিসিসিআরএফ প্রতিনিধিরা জানান, বিসিসিআরএফে আগের চেয়ে বেশি পরিমাণে বিদেশি অনুদান আসছে, যা বর্তমানে ছাড়ের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স তহবিল পরিচালনার জন্য ঢাকায় একটি সচিবালয় স্থাপন এবং এ জন্য অফিসের স্থান নির্ধারণ করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
অন্যদে মধ্যে ডিএফআইডি, বিশ্বব্যাংক ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধি; ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া এইডের দক্ষিণ এশিয়া বিষয়ক কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এএল/২১২৯ ঘ.
bdnews24