ঝিনাইদহ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল পোশাক না পরায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক শিক্ষিকা চার ছাত্রীকে দুইশ’ বার কান ধরে উঠবস করার শাস্তি দিয়েছেন।
তবে একশ’ বার উঠবস করার পরই তারা অসুস্থ হয়ে পড়লে তারা বাকি শাস্তি থেকে রেহাই পায়।
শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ে রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
অসুস্থ হওয়া এক ছাত্রীর বাবা সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী ডিনা, মারিয়া, মীম ও লিজা স্কুল পোশাক না পরে আসায় অ্যাসেম্বলির সময় প্রধান শিক্ষক সতর্ক করে দেন।
কিন্তু এরপরও গার্স্থ্য অর্থনীতির শিক্ষিকা শারমিন সুলতানা তানিয়া ক্লাশে তাদের ২শ’ বার কান ধরে উঠবস করতে বলেন। একশ’ বার করার পর চারজনই অসুস্থ হয়ে পড়ে।
সাইদুর রহমান আরো জানান, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্যাতনের বিচার চেয়ে লিখিত অভিযোগ করবেন।
প্রধান শিক্ষক শামসুল আলম সাংবাদিকদের বলেন, সরকারি বিধান অনুযায়ী কোনো শিক্ষার্থীকে শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না।
তিনি বলেন, ওই শিক্ষিকা অন্যায় করেছেন। শিক্ষকদের নিয়ে তিনি বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেবেন।
অভিযুক্ত শিক্ষিকা শারমিন সুলতানা তানিয়া সাংবাদিকদের বলেন, ছাত্রীদের সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। মজা করে তিনি তাদের কান ধরে উঠবস করতে বলেছেন, শাস্তি দেওয়ার জন্য নয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24