ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই মঞ্চে দাঁড়িয়ে ভোট চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১২-১৩ মেয়াদের প্রার্থীরা।
রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে পরিচিতি সভায় তারা ভোট চান।
আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিরোধী দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নীল প্যানেলের সভাপতি পদে জয়নুল আবেদীন, সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মোল্লা, সহ-সভাপতি পদে মো. আশরাফ-উজ-জামান ও সাইফুদ্দিন মো. আমিনুর রহিম (চন্দন), কোষাধ্যক্ষ পদে শাহ মো. মুনীর শরীফ, সহ-সম্পাদক পদে মো.ফারুক হোসেন ও মো. সহিদুজ্জামান প্রার্থী হয়েছেন।
অন্যদিকে সরকারী দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. মুনসুরুল হক চৌধুরী, সম্পাাদক পদে মোমতাজ উদ্দিন মেহেদী, সহ-সভাপতি পদে কে এম সাইফুদ্দীন আহমদ ও মো. মোস্তফা (বি), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সম্পাদক পদে এ কে এম তৌহীদুর রহমান ও মো. নুর নবী-বুলবুল।
সদস্যপদে জাতীয়তাবাদী পরিষদের সাত প্রার্থী হলেন- জাহানারা বেগম, জান্নাত সুলতানা (মুক্তা), মো. আছরারুল হক, মো. কামরুজ্জামান সেলিম, মুহাম্মদ মিজানুর রহমান (মাছুম), রাফাত জাহান লুনা ও শাহানারা পারভীন (বকুল)।
সমন্বয় পরিষদের সাত সদস্য প্রার্থী হলেন- জোবায়দা পারভিন, মো.আবদুল আজিজ মিয়া (মিন্টু), মো.আবু তৌহিদ ভুঁইয়া প্রিন্স, মো.শরাফতুল্লাহ, সাবিহা ইয়াসমিন, সঞ্চিতা সাহা ও সৈয়দা সাবিনা আহমদ (মলি)।
এছাড়া নিরপেক্ষ আইনজীবী ঐক্য পরিষদ নামে হলুদ প্যানেল থেকে পাঁটি পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন- সভাপতি পদে এ বি এম নুরুল ইসলাম, সম্পাদক পদে ড. মো. শাহজাহান, সহ-সভাপতি পদে অমলেন্দু বিকাশ রায় চৌধুরী ও মো. শহিদুল্লাহ্, কোষাধ্যক্ষ পদে মো. এমদাদুল হক কাজী।
এছাড়া সভাপতি পদে ড. ইউনুছ আলী আকন্দ নামে একজন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সভায় জাতীয়তাবাদী পরিষদের সভাপতি প্রার্থী জয়নুল আবেদীন বলেন, আমি নির্বাচিত হলে বিচার বিভাগকে দলীয় রাজনীতির হস্তক্ষেপমুক্ত করব।
“বিচারকদেরও কারো রক্ত চক্ষুর দিকে তাকিয়ে বিচার করতে হবে না। সে বিষয়ে আমরা সহায়তা করব। দেশের মানুষ আদালতের কাছে যা প্রত্যাশা করে তাই পাবেন।”
“আমি কোনো ২০ তলা ৪০ তলা ভবনের প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে এর চেয়ে ভালো কিছু আপনারা পাবেন।”
সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মুনসুরুল হক চৌধুরী সভায় বলেন, “আমি নির্বাচিত হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবীদের জন্য প্রস্তাবিত ১৫ তলা ভবন নির্মাণের ব্যবস্থা করব। জিমনেশিয়াম, সুইমিং পুল এবং মহিলা আইনজীবীদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করব।
“আমি যখন বিচারক (হাই কোর্টের সাবেক বিচারপতি) ছিলাম, ন্যায় বিচারের পক্ষে কাজ করেছি। সভাপতি হলেও সেই ধারা অব্যাহত রাখব। বার ও বেঞ্চের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করব।”
নিরপেক্ষ আইনজীবী ঐক্য পরিষদ নামে হলুদ প্যানেলে সভাপতি প্রার্থী এবিএম নুরুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে আইনজীবীদের আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করব। নারী আইনজীবীদের জন্য পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করব।”
সভাপতি পদে অপর প্রার্থী ইউনুছ আলী বলেন, “সুপ্রিম কোর্টের নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্যানেল করা যায় না। কিন্তু সবাই প্যানেল করে নির্বাচনে লড়ছেন। এটা অবৈধ।”
“আমি খবর পেয়েছি বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন এলাকা থেকে ভোটারদের আনতে লঞ্চ-বাস ভাড়া করেছেন। প্রলোভন দিয়ে ভোটারদের এভাবে নিয়ে আসাও বিধিতে নেই।”
“বাকিরা সবাই দলীয় প্রার্থী। তারা নির্বাচিত হলে দলের স্বার্থ দেখবে। আমি কোনো দলের নই। আমি নির্বাচিত হলে আপনাদের স্বার্থ দেখব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০২২ ঘ.
bdnews24