গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দোকানও রয়েছে।
রোববার ভোররাতে ভোগড়ার বাসন সড়কের পশ্চিমে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় অগ্নি-নির্বাপণ বাহিনী।
বাহিনীর গাজীপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে মো. ফারুকের মালিকানাধীন একটি ইলেক্ট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকান ও বসত ঘরে ছড়িয়ে পড়ে।
পাঁচটি দোকান ও ৩০টি বসতবাড়ি মালামালসহ পুড়েছে বলে অগ্নি-নির্বাপণ বাহিনী জানায়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩০০ ঘ.
bdnews24