গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে দুইটি লক্ষ্মীপেঁচা আটকে রাখার দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন মিয়া শনিবার বিকালে এই সাজা দেন।
দণ্ডিতরা হলেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর গ্রামের মো. আক্কাস আলী (৪২) এবং মানিকগঞ্জের সাটুরিয়ার বরগড় গ্রামের আমজাদ হোসেন (৪৮)।
বিচারে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট মো. মামুন মিয়া সাংবাদিকদের বলেন, র্যাবের সহায়তায় বিকালে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়ার ইসলাম উদ্দিনের বাড়ি থেকে বড় আকৃতির দু’টি লক্ষ্মীপেঁচা উদ্ধার এবং দু’জনকে আটক করা হয়। তারা বিক্রির উদ্দেশ্যে পেঁচাগুলো ধরেছিল বলে ম্যাজিস্ট্রেট জানান।
পরে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের সাজা দেওয়া হয়।
উদ্ধার করা পাখি দু’টি ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করার জন্য স্থানীয় বনবিভাগর (উদ্যানের) বিট কর্মকর্তা মো. মাসুদের কাছে হস্তান্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.
bdnews24