২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে অসুস্থ শিশু গৃহকর্মী হাসপাতালে

নওগাঁ সদরের মাস্টারপাড়ায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে গৃহকর্তা ও গৃহকর্ত্রীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নওগাঁ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদরের মাস্টারপাড়ায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে গৃহকর্তা ও গৃহকর্ত্রীর বিরুদ্ধে। গৃহকর্মী রিমাকে (৮) শুক্রবার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রিমা নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের রুবেল মণ্ডলের (৪০) মেয়ে। রুবেল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত মাস আগে ৪০০ টাকা মাসিক বেতনে রিমাকে একই গ্রামের ফুলু চৌধুরীর মেয়ে জুঁথির বাসায় নওগাঁ শহরে নিয়ে যান। এরপর থেকে তারা মাসে মাসে বেতনের টাকা পাঠান আর বলেন, মেয়ে ভাল আছে। তারা কোনো ঠিকানা বা ফোন নম্বর না দেওয়ায় মেয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দুই সপ্তাহ আগে তাদের ঠিকানা যোগাড় করে ওই বাসায় গিয়ে জুঁথির চোখ-মুখ ফোলা এবং শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন দেখতে পান রুবেল মণ্ডল। এরপর মেয়েকে নিয়ে আসতে চাইলেও আনতে দেননি তারা। রুবেল মণ্ডল আরো বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলু চৌধুরী নওগাঁ মেয়ে জামাইয়ের বাসা থেকে ফোনে বলেন, শুক্রবার খুব সকালে এসে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে যেন মেয়েকে নিয়ে আসেন। তাদের কথামতো শুক্রবার সকালে ফুলু চৌধুরী ও তার জামাই লিখন মোটরসাইকেলে তার মেয়ে রিমাকে দিয়ে চলে যান। ওই সময় রিমার অবস্থা খুবই খারাপ হওয়ায় এলাকার লোকজনের সহায়তায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেয়েকে খেতে না দিয়ে নির্যাতন করার অভিযোগে তিনি মামলা করবেন বলে জানান। রিমার চিকিৎসক ডা. মো. মাহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠের উপরের অংশে ১৮/২০টি নির্যাতনের নতুন ও পুরাতন চিহ্ন রয়েছে। কোমরের নিচেও ১৮/২০টি মারধরের দাগ রয়েছে। ডান হাত ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। দু’চোখ, দু’পায়ের গোড়ালী ও বুড়ো আঙ্গুলে রক্তরক্ষণ হয়েছে। গৃহকর্তা লিখনকে বাসায় কিংবা মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে তার বাবা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, তিনি আলাদা বাসায় থাকেন। বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহরিয়ার খাঁন বলেন, ঘটনার কথা শুনেছেন। ঘটনাটি নওগাঁর বলে সদর থানায় মামলা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.