২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমার সালিশ চলছে, পঙ্কজ শরণকে দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির সালিশ প্রক্রিয়া এগিয়ে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির সালিশ প্রক্রিয়া এগিয়ে চলেছে। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার পঙ্কজ শরণ শনিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান পঙ্কজ শরণ। “পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রায়ে শুধু বাংলাদেশ নয়, মিয়ানমারও লাভবান হবে’।” প্রায় এক ঘণ্টার ওই সাক্ষাতের পর পঙ্কজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ভারত দ্বিপাক্ষিকভাবে সমুদ্রসীমা সমাধানে আগ্রহী।” ১৯৭৪ সালে বাংলাদেশের চিহ্নিত করা সমুদ্রসীমায় আপত্তি জানিয়েছিল ভারত ও মিয়ানমার। বঙ্গোপসাগরে সমুদ্রসীমা বিরোধ নিয়ে বাংলাদেশ ও ভারত হেগের স্থায়ী সালিশ আদালতে যায় ২০০৯ সালে। আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ২০১৪ সালের মধ্যে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ দীর্ঘ ৩৮ বছর পর বুধবার নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সী’র (আইএলটিওএস) এক রায়ে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তার পানি বণ্টন, ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তি অনুসমর্থনসহ বিভিন্ন বিষয়ের সমাধান দুই দেশের সহযোগিতামূলক সম্পর্কের স্বার্থে যত দ্রুত সম্ভব সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীপু মনি। এসব বিষয় যত দ্রুত সম্ভব সমাধানে ভারত প্রতিশ্র“তিবদ্ধ বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন হাই কমিশনার। মনিপুরে টিপাইমুখ বাঁধ, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প এবং সীমান্তে বিএসএফের বাংলাদেশি হত্যার মতো বিষয়গুলোর ‘স্পর্শকাতরতা’ নতুন হাই কমিশনার অনুধাবন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন দীপু মনি। তিনি বলেন, এসব বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ পঙ্কজ শরণ তার সরকারকে জানাবেন বলে তিনি আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০৪২ ঘ.