ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রের উদ্ধারের দাবিতে রোববার থেকে ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
গত ১২ মার্চ ইবি ছাত্র সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, ১৫ মার্চের (বৃহস্পতিবার) মধ্যে নিখোঁজদের ব্যাপারে কোনো তথ্য না দিলে ধর্মঘট শুরু হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মো. আল জামির উদ্দিন ও আব্দুল বারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ও শনিবার ছুটি থাকায় রোববার থেকে ধর্মঘট শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুই ছাত্রের উদ্ধারের ব্যাপারে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধর্মঘট ডাকা হয়েছে বলে তারা জানান।
গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগর থেকে ডিবি পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে কিছু লোক বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের ছাত্র ওয়ালীউল্লাহকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রক্টর মেহের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনেরর পক্ষ থেকে নিখোঁজ দু’ছাত্রকে উদ্ধারের যথাসাধ্য চেষ্টা অব্যাহত রয়েছে। ছাত্র ধর্মঘটের মাধ্যমে ক্লাস-পরীক্ষায় বাধা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, ছাত্রদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নাই। তবে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘিœত করার চেষ্টা করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৮ ঘ.
bdnews24