ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে তিন চতুর্থাংশ ট্রেনই সময়মতো ছেড়ে গন্তব্যে পৌঁছাচ্ছে দাবি করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ রেলওয়ের ‘হারানো গৌরব’ ফিরে এসেছে।
শনিবার সকালে ইংরেজি দৈনিক ‘দি ইনডেপিনডেন্ট’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর আমি চেয়েছিলাম সময়মতো ট্রেনটা চলুক, পরিষ্কার থাকুক। আমি মনে করি, রেলওয়ের এই সেন্স অব প্রাইড ফিরে এসেছে।”
“যখন শুরু করেছিলাম তখন ৪৪ শতাংশ ট্রেন সময়মতো চলতো। এখন তা ৭৪ থেকে ৭৮ শতাংশে পৌছেছে”, দাবি রেলমন্ত্রীর।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত গত বছরের শেষভাগে নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগ পর্যন্ত যোগাযোগ মন্ত্রণায়ের অধীনে ছিল রেল বিভাগ।
মন্ত্রী বলেন, ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি আলোচনায় থাকায় একং সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসায় রেলের ব্যাপারে এখন আরো মনোযোগী হওয়া প্রয়োজন।
“রেল খাতে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত হয়েছে। আরো পাইপলাইনে আছে। সীমাবদ্ধতা থাকলেও লোকবল সঙ্কট মেটাতে আমরা নতুন ৮ হাজার লোক নিচ্ছি।”
রেলের বহরে শিগগিরই নতুন ১০টি ইঞ্জিন যোগ হবে জানিয়ে সুরঞ্জিত বলেন, যানজট নিরসনে ঢাকা-জয়দেবপুর, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ইতোমধ্যে তিন জোড়া ট্রেন চালু করা হয়েছে। এখন ঢাকা-জয়দেবপুর রুটে আরো ট্রেন চালুর ওপর জোর দেওয়া হচ্ছে।
“আশা করি, এটা হয়ে গেলে ঢাকার যানজট অনেকখানি কমে যাবে”, বলেন মন্ত্রী।
রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে গোলটেবিল বৈঠকে বলেন, “রেলের জন্য বরাদ্দ ১ হাজার ৩০৭ কোটি টাকার মধ্যে বেতন ভাতা বাদ দিয়ে মাত্র ২৯৬ কোটি টাকা থাকে, যা উন্নয়ন কাজের জন্য একেবারেই অপ্রতুল।”
এরপরও রেলের উন্নয়নে নেওয়া ৩৪টি প্রকল্প বাস্তবায়িত হলে আগামী তিন-চার বছরে এ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘রিভ্যাম্পিং বাংলাদেশ রেলওয়ে: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক এ আলোচনায় মূল প্রবন্ধ উস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।
ইনডেপিনডেন্টের সম্পাদক মাহাবুব উল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মারুফ রহমান, অধ্যাপক সারোয়ার জাহান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, ঠাকুরগাঁ-৩ আসনের সংসদ সদস্য মইজউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৭০০ ঘ.
bdnews24