চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম নগরীতে আয়োজিত একটি বৈঠকের বক্তারা।
শনিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে একটি রেস্তোরাঁয় চট্টগ্রামের চিকিৎসক, পেশাজীবী, রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত এই বৈঠকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “আমরা চাই চট্টগ্রামে মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় হোক। এটা আমাদের প্রাণের দাবি।”
বিশ্ববিদ্যালয় হলে আরো বেশি উন্নত চিকিৎসা পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, “চট্টগ্রাম অঞ্চলের পাঁচ কোটি মানুষকে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন।”
চট্টগ্রামে আগামী ২৮ মার্চের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য একটিমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। দেশের জন্য এখন কোনো মেডিক্যালকে বিশ্ববিদ্যালয় করতে হলে সবার আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে।”
চট্টগ্রাম মেডিক্যালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে শুধু সরকারের ঘোষণা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, উপাচার্য, নিবন্ধক ও হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়া হলেই বিশ্ববিদ্যালয় হয়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যালের চিকিৎসক আশরাফ আলী বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে অবকাঠামোগত সব সুযোগ সুবিধা আছে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ শফিউল আজম ও সহ-সভাপতি ডা. নুরুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম জেলা আইনজীবী পরিেেদর সাধারণ সম্পাদক অশোক দাশসহ বিভিন্ন পেশার মানুষ ও রাজনীতিবিদরা বৈঠকে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসইউ/১৬৪৩ ঘ.
bdnews24