২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: বার্লিনে প্রতিবাদ সভা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়া এবং এ হত্যা রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

মারুফ মল্লিক বন থেকে বন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী গ্রেপ্তার না হওয়া এবং এ হত্যা রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। রোববার জার্মানির রাজধানী বার্লিনে এক প্রতিবাদ সভায় খুনি গ্রেপ্তার না করা পর্যন্ত ইউরোপের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি অব্যাহতভাবে পালন করার ঘোষণা দেন তারা। প্রতিবাদ সভায় অবিলম্বে এ হত্যাকারী গ্রেপ্তার ও এর প্রকৃত কারণ প্রকাশের দাবি জানান নির্বাসিত লেখক দাউদ হায়দার। তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী বলেছেন, কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। কাউকে বেডরুম পাহারা দিতে বলা হচ্ছে না। সরকারে দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া।” জার্মানির হাইলব্রন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসিব মাহমুদ বলেন, “এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি জজ মিয়া খুঁজছে বাংলাদেশ।” সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশে সাংবাদিক সমাবেশের সঙ্গে সংহতি জানিয়ে ওই সভার আয়োজন করা হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। মাস গড়ালেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে ইতোমধ্যেই জার্মানির বন, ডুইসডর্ফ ও ফ্রাঙ্কফুর্টে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএইচ/২২৪৯ ঘ.