২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অভিযানের পর বরগুনায় মিষ্টি বিতরণ

বরগুনার বহু মানুষ বনদস্যুদের হাতে অপহৃত হওয়ার পর খুন হয়েছেন। মুক্তিপণ দিতে গিয়ে সর্বস্ব বিক্রি করতে হয়েছে অনেককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বরগুনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের অভিযানে সুন্দরবনের পাঁচ বনদস্যু নিহত হওয়ার খবরে মিষ্টি বিতরণ হয়েছে প্রায় দেড়শ কিলোমিটার দূরে বরগুনার চর দুরানি গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, সোহাগ ও জিহাদ বাহিনীর বিচরণ সুন্দরবনে হলেও এই ডাকাতদের কাছে জিম্মি ছিলেন বরগুনার অনেক জেলে, বাওয়ালী ও নৌকার মাঝি। এই এলাকার বহু মানুষ বনদস্যুদের হাতে অপহৃত হওয়ার পর খুন হয়েছেন। মুক্তিপণ দিতে গিয়ে সর্বস্ব বিক্রি করতে হয়েছে অনেককে। শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলা এলাকার মরাভোলা খালে র‌্যাবের এই অভিযানে সোহাগ ও জিহাদ বাহিনীর প্রধানসহ পাঁচ ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১১টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের প্রায় দেড়শ সদস্য প্রায় এক ঘণ্টার এই অভিযানে অংশ নেয়। র‌্যাবের কোনো অভিযানে প্রথমবারের মতো ব্যবহার করা হয় হেলিকপ্টার। শরণখোলায় উপস্থতি নৌকার মাঝি আব্দুর রহমান জানান, তার বাড়ি বরগুনার চর দুরানি গ্রামে। দেড় মাস আগে সোহাগ বাহিনী তাকে ধরে নিয়ে যায়। এর ১০ দিনের মাথায় দেড় লাখ টাকার বিনিময়ে মুক্তি পান তিনি। “তারা ছিল সুন্দরবনের ত্রাস। তাদের কারণে আমরা শান্তিতে থাকতে পারি নাই”, বলেন রহমান। অভিযান শেষে বাগেরহাট থেকে বরিশাল ফেরার পথে বরগুনার চর দুরানি এলাকায় থামতে বাধ্য হয় র‌্যাবের গাড়িবহর। স্থানীয় বাসিন্দারা সেখানে র‌্যাব সদস্য ও গণমাধ্যমের কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। তাফালবাড়ি গ্রামের ফারুক মাঝি জানান, রাজু বাহিনী বছর দশেক আগে তার ভাইকে অপহরণ করে হত্যা করে। তিন বছর আগে তাকেও ধরে নিয়ে দুলফা এলাকায় আটকে রাখে জিহাদের লোকেরা। শেষ সম্বল নৌকা বিক্রি করে ২ লাখ টাকার বিনিময়ে মুক্তি পান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ২০১০ সালে সুন্দরবনে এক অভিযানের পর রাজুবাহিনী নিষ্ক্রিয় হয়ে যায়। এর পরপরই জিহাদ বাহিনীর উত্থান ঘটে। চর দুরানি গ্রামের বাসিন্দা জাফর হাওলাদার বলেন, “নিহত বনদস্যুদের বাড়ি বাগেরহাটে হলেও বরগুনার বহু জেলে ও মাঝিকে তারা অপহরণ করেছে, হত্যা করেছে। পাঁচ ডাকাত মরেছে, আমরা সবাই খুশি হয়েছি।” র‌্যাব কর্মকর্তারা জানান, সুন্দরবনের শরণখোলা, সাতক্ষীরা, চাঁদপাই ও খুলনা রেঞ্জে মোট ছয়টি সন্ত্রাসী দল সক্রিয়। এরা সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আটকে জেলে অপহরণের পর মুক্তিপণ আদায় করে এবং বিভিন্নভাবে দস্যুবৃত্তি চালায়। বনদস্যু সোহাগ, জিহাদ ও গামা বাহিনীর সদস্যরা একজোট হয়ে কর্মকাণ্ড পরিচালনার জন্য মরাভোলা খালে মিলিত হচ্ছে- এ খবরের ভিত্তিতেই সকালে সেখানে অভিযান চালায় র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮১০ ঘ.