মুন্সীগঞ্জ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবির তিন দিন পরও মেঘনা নদীতে ভেসে উঠছে লাশ। শুক্রবার আরো ছয়টি লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।
এদিকে লঞ্চডুবির ঘটনায় সাত জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া থেকে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে দুর্ঘটনায় পড়ে এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি। উদ্ধার পাওয়া যাত্রীরা বলেছেন, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে লঞ্চটি ডুবে যায়।
সেদিন রাতেই আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। যদিও মোট ৬০ জন সেদিন সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আর কেউ নিখোঁজ থাকার তথ্য তার কাছে নেই। তবে এরপরও বহু মানুষের মৃতদেহ ভেসে উঠেছে দুর্ঘটনাস্থলের আশেপাশে মেঘনায়।
দুর্ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে নৌ বাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মীরা প্রথম দিন মোট ৩৬টি লাশ উদ্ধার করেন।
উদ্ধারকারী জাহাজ ও হামজা ও রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর পর মেঘনার মূল চ্যানেলের চরকিশোরী এলাকায় প্রায় ৭০ ফুট পানির নিচ থেকে লঞ্চটি টেনে তোলার কাজ শুরু হয় বুধবার ভোররাতে। সারাদিন চেষ্টার পর দুপুরের দিকে লঞ্চটি টেনে তীরের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়।
রুস্তমের কমান্ডার ফজলুর রহমান জানান, রাতেই দুর্ঘটনাকবলিত লঞ্চটি গজারিয়া থানার ওসি শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দিনভর অভিযান চালিয়ে লঞ্চ ও আশেপাশের নদী থেকে আরো ৭৬টি মৃতদেহ উদ্ধার করেন ডুবুরি ও বিআইডব্লিউটিএ কর্মীরা। রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল থেকে দুর্ঘটনাকবলিত লঞ্চটির পাশে ২৭টি লাশ নদীতে ভেসে ওঠে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, লঞ্চটির আশপাশে নদীতে ২৪টি লাশ ছাড়াও লঞ্চের ভেতরে একটি এবং চাঁদপুরের মতলবের কাছে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় দুটি লাশ পাওয়া যায়।
গজারিয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলের এক কিলোমিটার দক্ষিণে চর ঝাপটা থেকে শুক্রবার সকালে ফারুক (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অপর লাশ পাঁচটি পাওয়া যায় রমজানবেগ এলাকার নদীতে।
এদিকে এ লঞ্চডুবির ঘটনায় বৃহস্পতিবার গজারিয়া থানায় একটি মামলা করেছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী।
এমভি শরীয়তপুর-১ লঞ্চের মালিক, মাস্টার, সারেং, সুকানি এবং ‘অজ্ঞাতনামা’ মালবাহী জাহাজের মাস্টার, সারেং ও সুকানিকে আসামি করা হয়েছে এ মামলায়।
এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর এ দুর্ঘটনার কারণ তদন্তে তিনটি কমিটি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24