ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁটাবনে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রাজেল আহমেদ পলাশ (৩২) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
দুপুর দেড়টার দিকে একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে সড়কদ্বীপে মটর সাইকেলটি উঠে পড়লে গুরুতর আহত হন পলাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশের মামা ইব্রাহিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজারের বাসা থেকে এক বন্ধুর মটর সাইকেল নিয়ে বের হয় পলাশ।
তিনি জানান, মাথায় আঘাত পাওয়ায় পলাশের নাকমুখ দিয়ে রক্ত বের হয়।
দুই ভাই, দুই বোনের মধ্যে পলাশ বড়। তিনি বাসাবাড়িতে ব্যবহৃত পুরাতন জিনিসের ব্যবসা করতেন বলে জানান ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/২৩০০ ঘ.
bdnews24