ঝিনাইদহ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে রূপালী ব্যাংকের একটি শাখা অফিসে এক ব্যক্তি খুন হয়েছেন।
কামাল পাশা (৪৬) নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ব্যাংকের দুই নৈশ প্রহরীর বদলি হিসেবে কাজ করতেন। তার বাড়ি সাবদারপুর গ্রামে। বাবার নাম তমিজ উদ্দিন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে সাবদারপুর বাজারে ওই ব্যাংকের কর্মকর্তারা দরজা খুলে ভেতরে লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কামাল পাশার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো।
গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে মাথা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে বলে জানান জিহাদুল কবির। তিনি বলেন, “খুনিরা ব্যাংকের বিভিন্ন ড্রয়ার খুললেও টাকা পয়সা নিতে পারেনি। আমাদের ধারণা খুনিরা কামাল পাশার পরিচিত।”
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামাল পাশা ব্যাংকের বেতনভুক্ত কর্মচারী ছিলেন না। ১৯৮২ সাল থেকে তিনি অস্থায়ী ভিত্তিতে পিয়নের কাজ করে আসছিলেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মী মিনারুল ইসলাম মিন্টু ও ইসমাইল হোসেন ১২শ’ টাকার বিনিময়ে কামাল পাশাকে দিয়ে নৈশ প্রহরীর কাজ করাতেন।
ঘটনার পর মিনারুল ইসলাম মিন্টুকে আটক করে জিজ্ঞাসাদ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৬ ঘ.
bdnews24