২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আন্তর্জাতিক আইনের অধীনে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় মিয়ানমারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- আন্তর্জাতিক আইনের অধীনে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় মিয়ানমারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বাংলাদেশ এখন স্বাধীনভাবে মিয়ানমারের বাধা ব্যাতিরেকে বঙ্গোপসাগর থেকে মৎস সম্পদ ও তলদেশের খনিজ সম্পদ আহরণ করতে পারবে।” “আজ শত্রু-মিত্র সবার জন্য আনন্দের দিন।” “এই রায়ের ফলে তেল ও গ্যাস সমৃদ্ধ বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধ নিষ্পত্তি হলো,” যোগ করেন প্রধানমন্ত্রী। সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ এই প্রক্রিয়ায় জড়িত সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে এক অনির্ধারিত আলোচনায় শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বুধবারের রায়কে ‘বিরাট অর্জন’ হিসাবে অভিহিত করেন। ট্রাইব্যুনালের ওই রায়ের ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ ৩৮ বছরের বিরোধের নিষ্পত্তি হয়। বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে ওই রায় হয় যা মিয়ানমারের বিরোধিতার কারণে বর্তমানে ১৩০ নটিক্যাল মাইল পর্যন্ত বি¯তৃত। ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে আরেকটি মামলা চলার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে মামলার রায় হবে ২০১৪ সালে। আবার যদি দেশের জনগণ ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়, আশাকরি আজকের মতো সুখবর এনে দিতে পারবো।” ২০০৯ সালে যারা ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে জয়ী করেন তাদের এ সময় আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগরে নিজেদের দাবি প্রতিষ্ঠায় ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেন এবং পরের বছর দেশে ‘টেরিটোরিয়াল ওয়াটারস্ অ্যান্ড মেরিটাইম জোনস্ অ্যাক্ট’ প্রণয়ন করা হয়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশনে অনুস্বাক্ষর করে। এই বিষয়গুলো উল্লেখ করে সংসদ নেতা বলেন, ১৯৮২ জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশন উন্মুক্ত করা হলেও জাতীয় পার্টি এবং বিএনপি সরকার কোনো উদ্যোগ নেয়নি। ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘে সমুদ্রসীমার দাবি পেশ করার আগে ২০০৯ সালে ক্ষমতায় এসে [বর্তমান সরকার] অত্যন্ত দ্রুততার সঙ্গে ২০১০ সালের মধ্যে সমুদ্রসীমা সংক্রান্ত সব জরিপ সম্পন্ন করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “নির্ধারিত সময়ের আগে এই দাবি পেশ করতে না পারলে, সমগ্র অধিকার আমরা হারিয়ে ফেলতাম।” সমুদ্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নৌবাহিনীর ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, “এই দাবি উত্থাপনের আগে প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করেছি। সব রকম প্রস্তুতি নিয়েই এই কর্মকাণ্ড শুরু করি।” সমুদ্রসীমা নিয়ে দাবি পেশ করার শেষ সময় ছিলো গত বছরের ২৭ জুলাই। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০৫৫ ঘ.