২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনে চুক্তিতে ২ পরিচালক নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনের দুইজন সাবেক পরিচালককে তাদের পূর্বপদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মাচ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামিক ফাউন্ডেশনের দুইজন সাবেক পরিচালককে তাদের পূর্বপদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- নূরুল ইসলাম মানিক এবং মু. হারুনুর রশিদ। এজন্য তাদের অবসর উত্তর ছুটির (পিআরএল) অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে। কাজে যোগ দেওয়ার দিন থেকে তাদের এই চুক্তি কার্যকর হবে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে তাদের ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসনের দুইজন যুগ্ম-সচিব ও ১৫ জন উপসচিবসহ ২৪ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত দু’দিনে এসব রদবদল করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব আবুল কাসেমকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন ‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার অব বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রামে’র প্রকল্প পরিচালক উপসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ছিদ্দিক উল্যাহ ভূঞাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে প্রেষণে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে। গত বছরের ১০ নভেম্বর তাকে ওই পদে নিয়োগের আদেশ জারি করা হয়। সাতজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এ সাত কর্মকর্তা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা আক্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল হালিম মোল্লা, আইআরডি’র উপসচিব ড. এম.ডি. আফজাল হোসেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আনিছুর রহমান মিয়া, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব খান মো. নূরুল আমীন, খাদ্য বিভাগের উপসচিব আবুল কালাম শামসুদ্দিন এবং বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক নাসরিন আফরোজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব মো. মহসিন ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুর রউফকে ‘সেক্টর পলিসি সাপোর্ট অব দ্য ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টর ইন বাংলাদেশ, থার্ড ফেইস’-এর সহকারী প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা উপসচিব রাম চন্দ্র দাসকে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক এবং ওএসডি উপসচিব ডা. আব্দুল করিমকে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। দু’জন উপসচিবকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দু’টি বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে যশোর জেলা পরিষদের সচিব সৈয়দ রবিউল আলমকে খুলনা এবং ওএসডি আব্দুল মজিদকে বরিশাল কার্যালয়ে দেওয়া হয়েছে। তিন দেশের বাংলাদেশ দূতাবাসে শ্রম শাখার জন্য নতুন প্রথম সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহিদুল ইসলামকে বাহরাইনে, ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব শাহিদা সুলতানাকে কাতারে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রুবাইয়াত ই আশিক মালয়েশিয়ায় প্রথম সচিবের দায়িত্ব পালন করবেন। রাঙামাটির এডিসি বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া তিনজনকে নতুন করে এডিসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এডিসি হওয়া কর্মকর্তাদের মধ্যে মৌলভীবাজার জুড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমাকে সুনামগঞ্জে এবং মাগুরা শালিখার ইউএনও আলমগীর হোসেন ও খুলনার বটিয়াঘাটার ইউএনও হেমায়েত হোসেনকে মেহেরপুরে এডিসি করা হয়েছে। এছাড়া তথ্য কমিশনের উপ-পরিচালক পদে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৪০ ঘ.