২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন: দুদকের চিঠি বাতিল ঘোষণা

সত্য ও জবাবদিহিতা কমিশনে অনুকম্পা পাওয়া ১৫ জনের ‘দুর্নীতি’ অনুসন্ধানে দেওয়া চিঠি বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশনে অনুকম্পা পাওয়া ১৫ জনের ‘দুর্নীতি’ অনুসন্ধানে দেওয়া চিঠি বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট। গত বছরের বিভিন্ন সময়ে দুর্নীতি দমন কমিশন এই চিঠিগুলো পাঠিয়ে ওই ১৫ জনকে দুদকে হাজির হয়ে অনুসন্ধানে সহযোহিতা করতে বলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশনে অনুকম্পা পাওয়া ওই সরকারি কর্মকর্তারা ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ চিঠিটি বাতিলের রায় দেয়। রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন- সালেহা বানু, ইমন শাহরিয়ার, সুমন শাহরিয়া, দেলোয়ারা বেগম, মোসাম্মৎ উম্মে হাবিবা, রাজিয়া সুলতানা, আফজাল হোসেন, মো. জলিলুর রহমান, কামরুন্নাহার জোৎøা, রেজা-ই রাব্বি, শাহাবুদ্দিন, আব্দুল জব্বার খান, গোলাম মোহাম্মদ, খন্দকার হুমায়ুন কবির। রায়ে চিঠিটি বাতিল করা হলেও ওই ব্যক্তিদের ‘দুর্নীতি’ অনুসন্ধানে পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মুহাম্মদ খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এই রায়ের পরও ওই ১৫ জনের ‘দুর্নীতির’ অনুসন্ধান চালাতে কোনো বাধা থাকছে না। রাষ্ট্রপতির অধ্যাদেশে ২০০৮ সালের ৩ জুলাই সত্য ও জবাবদিহিতা কমিশন গঠিত হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন ‘ট্রুথ কমিশন’ নামেই পরিচিতি পায়। এ কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ২৫ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র, উন্নয়ন বিকল্পের নীতি-নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক দীপু মনি এবং অধিকারের তখনকার ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। একই বছরের ১৩ নভেম্বর হাই কোর্ট ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে। এরপর সরকারের আবেদনে ওই বছরের ১৬ নভেম্বর চেম্বার জজ হাই কোর্টের রায় স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭১৭ ঘ.