ঝালকাঠী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর নলছিটিতে এক বৃদ্ধা ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার বড় ছেলে তাদের খুন করে পালিয়ে গেছে বলে পুলিশের ধারণা।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নলছিটির মগর ইউনিয়নের সুজাবাদ গ্রামে একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ছাহেরা বেগম (৬৮) ও ইউনুস খাঁ (৪২) ওই গ্রামের সিদ্দিক খাঁয়ের মা ও ভাই।
ঘটনার পর থেকে সিদ্দিক খাঁ (৪৮) পলাতক রয়েছেন।
ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে মা ও ভাইদের সঙ্গে টাকা-পয়সা ও জমিজমা নিয়ে বিরোধ চলছিলো সিদ্দিকের। গভীর রাতে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপানো হলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমার বিরোধে ছেলে মা-ভাইকে খুন করে সে পালিয়ে গেছে।
নিহত ছাহেরা বেগমের মেজ ছেলে বেল্লাল খাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশী আব্দুস সোবহান বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ওই ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন। এরপর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
বুধবার রাতেও বড় ভাইয়ের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়েছিলো।
ওসি মাসুদুজ্জামান জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭০০ ঘ.
bdnews24