২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস বন্ধ, ১৫৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা

শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের মুখে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া একই কারখানায় চারদিন আগে শ্রমিক অসন্তোষ ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে ১৫৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ডিইপিজেডের পুরাতন জোনে শ্রীলঙ্কান মালিকানাধীন ‘হেলিকন (বিডি) লিমিটেড’ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতে আশুলিয়া থানায় কারখানার ১৫৪ শ্রমিকের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ মামলা দায়ের করে বলে জানান আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল। গত ১০ মার্চ সকালে মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভিতরে ভাঙচুর করে কারখানাটির প্রায় ১৮শ’ শ্রমিক। এসময় কারখানার কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর করে আটকে রাখে তারা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালায়। ওইদিন কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরদিন শ্রমিকরা কারখানায় এসে আবার বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ আবার কারখানা বন্ধ ঘোষণা করেন। পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে সকালে কারখানাটি অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিস ঝুলানো দেখে চলে যায়। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে হেলিকন (বিডি) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সুলতান মাহমুদ রিপন বাদী হয়ে ৩৪ জন শ্রমিকের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১২০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (বেপজা) উপ মহাব্যবস্থাপক আশরাফুল কবীর বলেন, হেলিকন (বিডি) লিমিটেড কারখানাটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শিগগিরই তা খুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭০৭ ঘ.