২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: ডিজিএফআই’র রুমির সাক্ষ্যগ্রহণ শুরু

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলায় ষষ্ঠ সাক্ষী হিসেবে বক্তব্য উপস্থাপন করছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলায় ষষ্ঠ সাক্ষী হিসেবে বক্তব্য উপস্থাপন করছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। এর আগে বুধবার বিকালে বিসিআইসির সাবেক চেয়ারম্যান ইমামুজ্জামানকে জেরা করা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএলের সংরক্ষিত জেটি ঘাটে খালাসের সময় ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। সাদিক হাসান রুমি সে সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। বৃহস্পতিবাার সাক্ষ্য গ্রহণ শুরুর আগে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। আদালতে হাজির অন্য আসামিরা হলেন- এনএসআইর সাবেক দুই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তাালুকদার ও সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হক, চোরাকারবারি হাফিজুর রহমান ও দীন মোহ্ম্মাদ। এ মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা কমান্ডার পরেশ বড়–য়া পলাতক আছেন। গত বছরের ২৯ নভেম্বর বহু আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩২৫ ঘ.