২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে ভোক্তা অধিকার দিবস

নিজেদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হচ্ছে বৃহস্পতিবার। এ বছর দিবসটি পালিত হচ্ছে ‘আমার টাকা আমার অধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে। এ উপলক্ষে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ ও ‘কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা করে। শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। ক্যাব সভাপতি কাজী ফারুকসহ সংগঠন দু’টির নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে একটি সেমিনার এবং বিকাল ৪টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন থাকলেও জনগণ এখনো এ ব্যাপারে যাথেষ্ট সম্পর্কে সচেতন নয়। সবাই সচেতন হোক- এটা আমাদের প্রত্যাশা।” বাংলাদেশে তিন বছর আগে ভোক্তা অধিকার আইন পাশ করা হলেও এবারই প্রথম বড় পরিসরে দিবসটি পালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ২০০৯ সালের ১ এপ্রিল বাংলদেশের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২২২ ঘ.