চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল কাগজ দিয়ে বন্দর থেকে পণ্য চালানের ছাড়পত্র নেওয়ার সময় দুই সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের কর্মচারীরা।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নকল সিলসহ আরও এক যুবককে আটক করা হয়।
বুধবার দুপুরে আটক তিন জনকে বন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ তিন জন হলেন- আগ্রাবাদের ব্লু বেল শিপিং অ্যান্ড ট্রেডিং কোং নামে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী মিনহাজুল আবেদীন ও শাহাদাত হোসেন এবং রণি পাল।
রনির কাছ থেকে ৫৭ টি জাল সিল ও আমদানির বিভিন্ন জাল কাগজপত্র ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মিরপুরের লোড স্টার ফ্যাশন লিমিটেডের একটি আমদানি চালানের কাগজপত্র বুধবার দুপুরে কাস্টম হাউসের সংশ্লিষ্ট শাখায় জমা দেয় সিএন্ডএফ এজেন্ট ব্লু বেলের কর্মচারীরা।
কাগজপত্রে সন্দেহ হলে কাস্টমস কর্মচারীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একপর্যায়ে কাগজের সই ও স্বাক্ষর জাল করার বিষয়টি স্বীকার করে।
তিনি জানান, দুইজনই জানায় আগ্রাবাদের একটি প্রতিষ্ঠান থেকে তারা এসব জাল সিল দিয়ে কাগজপত্র তৈরি করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা আগ্রাবাদ বে শপিং সেন্টারে অভিযান চালিয়ে রনিকে সিলসহ আটক করে।
কাস্টমস কর্মকর্তা মাহমুদুল জানান, চালানটি বন্ড সুবিধায় আমদানি করায় শুল্ক-কর প্রযোজ্য ছিল না। এ কারণে চালানটি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। উদ্ধারকৃত সিলের মধ্যে কাস্টমস, বিভিন্ন ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা প্রতিষ্ঠানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৩৪ ঘ.
bdnews24